গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত ৮ জন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন ময়মনসিংহ নগরীর নওমহল এলাকা আবদুল আউয়াল (৭২), সদরের নুরুল হুদা (৬৫), ফুলপুরের রহিমা খাতুন (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁওয়ের মনির হোসেন (৫০), নেত্রকোনা সদরের হামিদা খানম (৮৫), আবদুল আজিজ (৭০) ও টাঙ্গাইল কালিহাতীর হাবিবুল্লাহ (৫৮)।
করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে জেলার ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), মুক্তাগাছার সামসুল ইসলাম (৬৫), গৌরীপুরের শামসুদ্দিন (৭০), মোতালেব (৬০), ঈশ্বরগঞ্জের সুফিয়া খাতুন (৭০), জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০), শেরপুর ঝিনাইগাতীর আবদুর রহমান (৭৮), কিশোরগঞ্জ সদরের রাশিদা (৬০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৯০ জন চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।
এদিকে জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ২০৭ জন করোনা শনাক্ত হয়েছেন।





































