রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ে পরিবহন সেবাকে আন্তর্জাতিক মানসম্পন্ন, আধুনিক ও সাশ্রয়ী পরিবহন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।”
শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনে যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী এ কথা বলেন।
রেলমন্ত্রী আরও বলেন, “মুজিববর্ষে দেশের ১৪টি স্টেশনে দ্বিতল ভবন নির্মাণ ও রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন কাজ চলছে।”
মন্ত্রী বলেন, “একটি রেলওয়ে স্টেশনকে ঘিরে ওই অঞ্চলের অর্থনীতি গড়ে ওঠে। তাই রেলকে ঢেলে সাজাতে ত্রিমুখী রেলব্যবস্থাকে একমুখী, ব্রডগেজ রেললাইনে রূপান্তর করা হবে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
বাংলাদেশ রেলওয়ে রাজশাহী (পশ্চিম) মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক ডি এন মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা।






































