ক্রোয়েশিয়ার বিপক্ষে কখনোই হারেনি ব্রাজিল। বিশ্বকাপেও দুই দলের আগের দুই দেখায় শেষ হাসি হেসেছে সেলেসাওরা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এর আগে গতবারের ফাইনালিস্টদের দেখা হয়েছে ২০১০ সালের বিশ্বকাপে। ব্রাজিল ম্যাচটি ১-০ গোলে নিজেদের করে নেয়। পরের আসরেই আবার দেখা হয় তাদের। এবার গ্রুপ পর্বেই দেখা হয় দুই দলের। ওই ম্যাচে দলের সেরা তারকা নেইমার করেছিলেন জোড়া গোল। অবশ্য, মার্সেলো ক্রোয়েটদের আত্মঘাতী গোল উপহার দিয়েছিলেন। তবুও তিতের শিষ্যরা ম্যাচ ৩-১ গোলের ব্যবধানে জিতে নেয়।
ক্রোয়েটদের বিপক্ষে অতীত অভিজ্ঞতায় নির্ভারই বলা যায় ব্রাজিলকে। তবে দলটির প্রধান ভয় গত আসরের বিপর্যয়। রাশিয়া বিশ্বকাপ খুব একটা ভালো কাটেনি ব্রাজিলের। গ্রুপ পর্বে দাপট দেখালেও বেলজিয়ামের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। তাই এবার আর ভুলের পথে না হেঁটে সতর্ক অবস্থানে তিতের দল।
আগের চার ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ব্রাজিল। শুক্রবার সেই ধারাবাহিকতা ভাঙলে ক্রোয়েশিয়া তাদের তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে। ১৯৯৮ সালে তৃতীয় স্থানে শেষ করার পর তারা ২০১৮ সালের আসরে ফাইনালিস্ট ছিল। অন্যদিকে, ব্রাজিল জিতলে নবমবারের মতো সেমিফাইনালে উঠবে তারা।

















