জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৮:২২ পিএম
জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণের দুর্ভোগ যাতে না বাড়ে সেটি নিশ্চিত করতে প্রতিদিন সরকার ১৬৭ কোটি টাকা জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে। বিএনপি জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।

আজ শুক্রবার দুপুরে যশোরে জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর।

প্রতিমন্ত্রী বলেন, আজ সারা দেশে আমরা দেখতে পাচ্ছি, জ্বালানি তেল নিয়ে একটি উদ্বেগ-উৎকণ্ঠা অনেকের মধ্যে কাজ করছে। ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি আশ্বস্ত করতে চাই, এখন পর্যন্ত ৮০টি দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও এ সরকার তা করছে না। আমরা সরবরাহ ব্যবসা স্বাভাবিক রেখেছি। কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন ডিজেলের চাহিদা ছিল ১২ হাজার টন। পেট্রোল-অকটেনের চাহিদা ছিল ১২০০ থেকে ১৪০০ টন।

তিনি আরো বলেন, আপনারা জেনে অবাক হবেন, ঈদের আগে গড়ে প্রতিদিন ২৪ থেকে ২৫ হাজার টন ডিজেল আমরা সরবরাহ করেছি। যে পেট্রোল পাম্প ২০২৫ সালের মার্চে গড়ে ৫ হাজার লিটার পেট্রোল-অকটেনের বিক্রি করেছে, সে পাম্পই এখন গড়ে ৯ থেকে ১০ হাজার লিটার পেট্রোল-অকটেন রাখলেও তা ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানি তেলের চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে সরকার। আগামী ৯০ দিনের জ্বালানি মজুদ নিশ্চিতে কাজ শুরু করেছি।

তিনি বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের মূল্য বেড়ে যায়। চতুর্দিক থেকে চাপ থাকার পরও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা করেনি সরকার। জনগণের দুর্ভোগ যাতে না বাড়ে সেটি নিশ্চিত করতে প্রতিদিন সরকার ১৬৭ কোটি টাকা জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে। বিএনপি জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক হারুন অর রশিদ। অনুষ্ঠানের শেষ পর্বে ১৫৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রতিমন্ত্রী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!