এপ্রিলেও ৩ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৬, ১১:২৪ পিএম
এপ্রিলেও ৩ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

যুদ্ধের মধ্যেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য শেষ হওয়া এপ্রিলে প্রায় ৩১৩ কোটি ডলার পাঠিয়েছেন বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা। আগের বছরের একই মাসের চেয়ে তা ১৩ দশমিক ৬২ শতাংশ বেশি।

এ নিয়ে টানা পাঁচ মাস তিন বিলিয়নের বেশি রেমিট্যান্স এল দেশে। আগের অর্থবছরের এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।


রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের দশম মাস এপ্রিলের ৩১২ কোটি ৭০ লাখ (৩ দশমিক ১২ বিলিয়ন) ডলারসহ ১০ মাসে মোট রেমিট্যান্স এসেছে ২৯ দশমিক ৩২ বিলিয়ন (২ হাজার ৯৩৩ কোটি) ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তা ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ২৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহ, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এ প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
 

Link copied!