ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের সাম্প্রতিক খারাপ ফর্মে বিস্ময় প্রকাশ করে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি এটিকে একটি সাময়িক ফর্ম অবনতি হিসেবেও অভিহিত করেছেন।
নটিংহামে ৭৬ রানে অলআউট হওয়ার পর সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করেছেন তিনি। বুধবার নিজের ৫৪তম জন্মদিনের অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
গাঙ্গুলী বলেন, ‘ভারতের পারফরম্যান্সে আমি কিছুটা অবাক হয়েছি। সাদা বলের ক্রিকেটে তারা বরাবরই একটি শক্তিশালী দল এবং এটিকে তাদের সাময়িক ফর্মহীনতা বলেই মনে হচ্ছে।
খবর এনডিটিভি
তবে দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী তিনি। বিশ্বকাপজয়ী তারকা সঞ্জু স্যামসন জিম্বাবুয়ের বিপক্ষে একাদশ থেকে বিস্ময়করভাবে বাদ পড়া বিষয়ে জানতে চাইলে সতর্কতার সঙ্গে উত্তর দেন এই সাবেক ভারতীয় ক্রিকেট তারকা।
তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটি টিম ম্যানেজমেন্ট নেবে। এ বিষয়ে আমার মন্তব্য করা সমীচীন হবে না।
গত রাতে ফিফা বিশ্বকাপে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয় নিয়েও কথা বলেন তিনি। ফুটবল অনুরাগী হিসেবে গাঙ্গুলী আরো জানান, বিশ্বকাপের খেলার ওপর কড়া নজর রাখছেন। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য মিসরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য ৩-২ গোলের মনোমুগ্ধকর জয়ে অত্যন্ত খুশি হয়েছেন।
এর আগে গাঙ্গুলী তাঁর বাড়িতে মধ্যরাতে কেক কেটে ৫৪তম জন্মদিন উদযাপন করেন।
































