ইউক্রেনে আরও প্রায় ২৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ-সংক্রান্ত একটি নথি এবং এই সহায়তা প্যাকেজ সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই প্যাকেজের আওতায় ড্রোনবিধ্বংসী অস্ত্রসহ শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
তবে এ সহায়তা প্যাকেজের আওতায় কী ধরনের বা কতসংখ্যক ড্রোনবিধ্বংসী এবং বিমান প্রতিরক্ষার সরঞ্জাম পাঠানো হবে, তা বিস্তারিত জানা যায়নি।
প্যাকেজ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রয়টার্স জানিয়েছে, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) জন্য লকহিড মার্টিনের তৈরি রকেট, ১৫৫ এমএম গোলা, সামরিক যান এবং জেনারেটর পাঠানো হতে পারে।
এ ব্যাপারে হোয়াইট হাউসের মন্তব্য জানার চেষ্টা করে তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি রয়টার্স। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এ সহায়তা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ সহায়তা প্যাকেজের আকার ও উপকরণের পরিবর্তন হওয়ার সুযোগ আছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনে অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন। এবার তীব্র শীতে বিদ্যুৎবিচ্ছিন্ন ইউক্রেনীয়দের জন্য কঠিন হতে পারে বেঁচে থাকা। তাই সেখানে পাঠানো হচ্ছে জেনারেটরও। ইউক্রেনের জ্বালানি খাতকে লক্ষ্য করে চালানো রাশিয়ার হামলায় বিপর্যস্ত জনজীবন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে ১১ বিলিয়ন ডলার মূল্যের নিরাপত্তা সহায়তা পাঠিয়েছে। আগামী বছর ইউক্রেনকে কমপক্ষে ৮০ কোটি ডলার মূল্যের অতিরিক্ত নিরাপত্তাসহায়তা পাঠানোর ব্যাপারে মার্কিন আইনপ্রণেতারা সম্মত হয়েছেন।

















