প্রায় ১২ বছর যাবত যুক্তরাষ্ট্রে জেল খাটছেন রাশিয়ার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউট। তাকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দিল রাশিয়া। নিষিদ্ধ মাদক থাকায় ব্রিটনিকে রাশিয়ার বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছিল।
বিবিসি জানায়, বাস্কেটবল তারকা ব্রিটনি গত ফেব্রুয়ারি মাসে আটক হন। তার লাগেজে গাঁজার তেল পায় রুশ কর্মকর্তারা। ভেপ করার কাজে ব্যবহৃত এ তেল রাশিয়ায় নিষিদ্ধ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে এ বন্দি বিনিময় হয়।
ব্রিটনির মুক্তির ব্যপারে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “দুইবার অলিম্পিক গোল্ড মেডেলের অধিকারী ব্রিটনি গ্রাইনার নিরাপদে আছেন। তিনি বিমানে করে বাড়ি ফেরার পথে রয়েছেন।”
গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রন যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে টান টান উত্তেজনাকর পরিস্থিতির সময় মার্কিন এই বাস্কেটবল খেলোয়াড়কে আটক করে রাশিয়া। পরে গত আগস্ট মাসে এই তারকাকে মাদক মামলায় ৯ বছরের কারাদণ্ড দেয় রাশিয়ার একটি আদালত। গত মাসে তাকে একটি কুখ্যাত বন্দিশিবিরে পাঠানো হয়।
অন্যদিকে যুদ্ধবাজ সব নেতা এবং দুবৃত্ত সরকারগুলোর কাছে অস্ত্র বিক্রি করতেন ভিক্টর বাউট। বিশ্বের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড ম্যান’ হয়ে ওঠেছিলেন তিনি। ‘মৃত্যু ব্যবসায়ী’ নামেও তিনি পরিচিতি পান। যুক্তরাষ্ট্র তার শাস্তি ২৫ বছর কমিয়ে তাকে মুক্তি দেয়।
বাইডেন প্রশাসন গত জুলাইয়ে বন্দি বিনিময়ের প্রস্তাব দেয়। মস্কো দীর্ঘদিন ধরেই বাউটের মুক্তি দাবি করে আসছিল। শেষ পর্যন্ত দুদেশের মধ্যে বন্দি বিনিময় হওয়ার খবরটি নিশ্চত করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়।




















