বিক্ষোভের ঘটনায় প্রথম মৃত্যুদণ্ড কার্যকর ইরানে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৩:৫৪ পিএম
বিক্ষোভের ঘটনায় প্রথম মৃত্যুদণ্ড কার্যকর ইরানে

প্রায় তিন মাস ধরে চলা ইরানের হিজাব আন্দোলনের প্রেক্ষিতে এখন পর্যন্ত ১১ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তাদের একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে।

বিবিসি জানায়,  ‘খোদার বিরুদ্ধে শত্রুতা’র অপরাধে মোহসেন শেকারি নামের সেই বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেয় ইরানের এক বিপ্লবী আদালত। তাকে দাঙ্গাকারী হিসেবে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২৫ সেপ্টেম্বর তেহেরানের এক প্রধান রাস্তা আটকে দেন তিনি। তাছাড়া ছুরিকাঘাতে আহত করেন আধাসামরিক বাহিনীর এক সদস্যকে।

যথাযথ প্রক্রিয়ার বাইরে গিয়েই দ্রুততার সাথে এই ব্যক্তির বিচার করে আদালত। নরওয়েভিত্তিক ইরান মানবাধিকার সংস্থা জানায়, আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে না তুললে প্রতিদিনই বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সেখানে।

সঠিকভাবে হিজাব না করার কারণে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাসা আমিনি নামের এক নারীকে আটক করে ইরানের বিলুপ্ত নৈতিকতা পুলিশ। আটকের তিনদিনের মাথায় পুলিশি হেফাজতে তার মৃ্ত্যুর পর দ্রুত বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানে। দেশটির ৩১ টি প্রদেশের সবগুলোতে আন্দোলনে নামে বিক্ষোভকারীরা। প্রতিবাদ জানান বিদেশী রাষ্ট্রের নাগরিকরাও।

দেশটির ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর অন্যতম সংকট তৈরি করে এই আন্দোলন। নারী স্বাধীনতার পক্ষের এই আন্দোলনকে দাঙ্গা হিসেবে উল্লেখ করে কঠোর হস্তে তা দমন করতে শুরু করে দেশটির সরকার। এখন পর্যন্ত ৪৭৫ জনের মৃত্যু হয়েছে এবং আটক হয়েছে ১৮ হাজার ২৪০ জন। নিহতদের মধ্যে ৬১ জন নিরাপত্তাকর্মীও আছেন।  

Link copied!