পরপর দুই বিমানঘাঁটিতে সোমবার (৬ ডিসেম্বর) বিস্ফোরণের পর রাশিয়ায় তৃতীয় আরকেটি বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে স্থানীয় কর্মকর্তারা।
আল-জাজিরা জানায়, ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত রুশ শহর কুরস্কের একটি বিমানঘাঁটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী ওঠতে দেখা যায়।
শহরটির গভর্নর রোমান স্টারভয়েট জানিয়েছেন, বিমানঘাঁটির একটি তেল স্টোরেজ ট্যাংকে বোমাবর্ষণ করা হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পর জরুরি পরিষেবা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সমর্থ হয়েছে।
এ ঘটনার দায় স্বীকার করেনি ইউক্রেন। তবে দুর্ঘটনার খবরে উদযাপন করেছে দেশটির কর্মকর্তারা।
ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর থেকে বলা হয়েছে, রাশিয়া যদি ঘটনাগুলোকে ইচ্ছাকৃত হামলা হিসেবে বিবেচনা করে, তবে তা হবে মস্কোর জন্য সবচেয়ে উল্লেখযোগ্য কৌশলগত ব্যর্থতা।
কুরস্ক শহরের এই বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয়। এর পাশাপাশি রুশ বাহিনীও বিমানবন্দরটি ব্যবহার করে থাকে। বিমানঘাঁটির সবগুলো হামলা ইউক্রেনের ড্রোন দিয়েই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

























