উত্তাল পশ্চিমবঙ্গ, ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:২৫ পিএম
উত্তাল পশ্চিমবঙ্গ, ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৩

তৃণমূল কংগ্রেসের টানা শাসনের পতন এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্থানের পর পশ্চিমবঙ্গজুড়ে রাজনৈতিক পালাবদলের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত গতকাল বুধবার জানান, বিভিন্ন এলাকায় নির্বাচন–পরবর্তী সহিংসতা চলছে। গত ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থান থেকে ৪০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও প্রায় ১,১০০ জনকে আটক করা হয়েছে।


তিনি বলেন, “ভোটের ফল ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় হুমকি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ২০০টির বেশি প্রাথমিক মামলা (এফআইআর) হয়েছে।”

সিদ্ধনাথ গুপ্ত আরও জানান, সহিংসতায় দুজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিষয়গুলো তদন্তাধীন রয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ সতর্ক করে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুলিশের আওতাধীন এলাকা থেকে এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, দুষ্কৃতকারীদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

রাজনৈতিক উত্তেজনার মধ্যে গত রাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পরবর্তী এই সহিংসতা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!