পরীক্ষামূলকভাবে আগামী ২০ ডিসেম্বর থেকে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। প্রাথমিক অবস্থায় সাতটি সেন্টারে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আহমেদুল কবীর বলেন, “প্রাথমিক অবস্থায় ষাটোর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী নারী, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। প্রতি কেন্দ্রে ন্যূনতম ১০০ জন এ টিকা পাবেন। এসএমএসের মাধ্যমে যাদের নির্বাচিত করা হবে, তারাই কেন্দ্রে যাবেন।”
কীভাবে টিকা দেওয়া হবে তার বিস্তারিত তুলে ধরে আহমেদুল কবীর বলেন, “টিকা দেওয়া ব্যক্তিদের দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ১ জানুয়ারি থেকে সারা দেশে ঝুঁকিতে থাকা নাগরিকদের টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে।”
তিনি বলেন, “টিকা নেওয়ার চার মাস পর সাধারণত অ্যান্টিবডির মাত্রা কমে যায়। এছাড়া সম্প্রতি বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীতে নির্ধারিত সাতটি কেন্দ্র হলো-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।




















