শুক্রবার (২ ডিসেম্বর) সরকার ও জনসংহতি সমিতির মধ্যে করা পার্বত্য শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি হয়েছে। ১৯৯৭ সালের এই দিনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে তৎকালিন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিনটি উপলক্ষে সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নং বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এছাড়াও সকাল ১০টায় বেইলি রোডে ‘শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স’ ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পার্বত্য শান্তিচুক্তির মধ্য দিয়ে শান্তিবাহিনীর দীর্ঘ প্রায় দুই দশকের সংগ্রামের অবসান হয়। শান্তিবাহিনীর সশস্ত্র আন্দোলনকারী সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। প্রাথমিকভাবে শান্তি বাহিনীর সদস্যরা অস্ত্র জমা দিলে তাদের সাধারণ ক্ষমা দেয় সরকার।




















