রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় প্রতাপ রেমা (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার তারানগরের কেন্দুয়া বাজারে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল ওয়াল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রতাপ রেমার ছেলে নিউটন নকরেক জানান, তার বাবা তেজগাঁওয়ে একটি এনজিওতে চাকরি করতেন। সূত্রাপুর কলতাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল হাসপাতালে এসে তার বাবার মরদেহটি দেখেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল ওয়ালটন মোড়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন প্রতাপ রেমা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা যায়নি।

















