শীতের সকালে মালপোয়া পিঠা


ঝুমকি বসু
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ১২:৫০ পিএম
শীতের সকালে মালপোয়া পিঠা

শীত এলেই পিঠা তৈরির ধুম পড়ে গ্রামের ঘরে ঘরে। সেই আদিকাল থেকেই এই ঐতিহ্য ধরে রাখছে বাঙালিরা। কিন্তু আধুনিকতার সঙ্গে সঙ্গে শীতের সেই বিভিন্ন ধরনের পিঠা হারিয়ে গেছে বলা যায়। তারপরও এই শীতে মজাদার সব পিঠা বানিয়ে ফেলুন বাড়িতেই। আজ থাকছে মালপোয়ার রেসিপি।

উপকরণ : দুধ ১/২ লিটার, চিনি ১ কাপ, পানি ১ কাপ, এলাচগুঁড়ো ১ চা-চামচ, ময়দা ১/২ কাপ, দুধ ১/২ কাপ, চিনির গুঁড়ো ১ টেবিল চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, বেকিং সোডা ১/৪ চা চামচ।

প্রস্তুতপ্রণালি 

প্রথমে একটি প্যানে এক লিটার দুধ জ্বাল দিয়ে আধা লিটারে নিয়ে আসুন। ফুটন্ত দুধ আধা লিটার হয়ে গেলে নামিয়ে ফেলুন। আরেকটি পাত্রে সিরা তৈরির জন্য চিনি ও পানি একসঙ্গে জ্বাল দিন। সিরা ঘন হয়ে এলে চুলা নিভিয়ে ফেলুন। চিনির সিরার ওপরে এলাচগুঁড়ো দিন। এরপর ঘন দুধের সঙ্গে ময়দা ভালো করে মিশিয়ে নিন। এমনভাবে মেশাবেন যেন ময়দা দানা দানা না থাকে। 

দুধ ও ময়দার মিশ্রণ ঘন হয়ে এলে তাতে তরল দুধ ভালো করে মিশিয়ে নিন। পরে চিনির গুঁড়ো দিয়ে আবার মিশিয়ে নিন। এর সঙ্গে বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব বেশি ঘন না হয়। প্যান গরম হয়ে এলে এতে ঘি দিয়ে দিন। এবার গরম তেলে মিশ্রণটি পিঠা আকারে ছেড়ে দিন। পিঠাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে চিনির সিরায় কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। সবশেষে চিনির সিরা থেকে নামিয়ে মালপোয়া পিঠা পরিবেশন করুন।

Link copied!