শীত এলেই পিঠা তৈরির ধুম পড়ে গ্রামের ঘরে ঘরে। সেই আদিকাল থেকেই এই ঐতিহ্য ধরে রাখছে বাঙালিরা। কিন্তু আধুনিকতার সাথে সাথে শীতের সেই বিভিন্ন ধরনের পিঠা হারিয়ে গেছে বলা যায়। তারপরও এই শীতে মজাদার সব পিঠা বানিয়ে ফেলুন বাড়িতেই।
উপকরণ :
খামির জন্য : ময়দা ১ কাপ, নারকেল দুধ ১ কাপ, লবণ ১/৪ চা চামচ, ডিম ১টি, ঘি ২ টেবিল চামচ।
দুধের সিরার জন্য : দুধ ২ কাপ, চিনি ২ টেবিল চামচ, এলাচ ২টি।
প্রস্তুত প্রণালি :
পাত্রে নারকেল দুধ গরম করে চুলাতেই দুধের ভিতর ময়দা ও লবণ দিয়ে খামি বানাতে হবে। এবার চুলা বন্ধ করে খামি একটু ঠান্ডা হলে ঘি ও ফেটানো ডিম মিশিয়ে মাখতে হবে। এবার ছোট ছোট বল বানিয়ে পিঁড়িতে রেখে বেলন দিয়ে বেলে একটু লম্বা করে হাত দিয়ে পেঁচিয়ে মুখ চেপে লাগিয়ে দিন। এবার অল্প তাপে ডুবো তেলে লাল করে ভেজে নিন পিঠাগুলো। ২ কাপ দুধ জ্বাল দিয়ে ১ কাপ করে নিন। এবার এতে চিনি ও এলাচ দিয়ে নাড়ুন। চুলা বন্ধ করে এবার পিঠাগুলো দুধে দিয়ে ঢেকে রাখুন কমপক্ষে চার ঘণ্টা। পরিবেশনের সময় পিঠার ওপর দুধের সর দিয়ে পরিবেশন করুন।
























