খুলনায় দরপত্র ছাড়াই সড়কের ২ শতাধিক গাছ কাটার অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৬, ১১:৪৬ পিএম
খুলনায় দরপত্র ছাড়াই সড়কের ২ শতাধিক গাছ কাটার অভিযোগ

খুলনার দাকোপ উপজেলায় কোনো দরপত্র ছাড়াই সড়কের দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে।

উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কের উন্নয়ন কাজের মধ্যে গাছ কাটার এ ঘটনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, দরপত্র আহ্বান ছাড়াই গত কয়েকদিনে সড়কের দুই পাশের শিরীষ, চম্বলসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে এবং এর একটি অংশ গোপনে বিক্রিও করা হচ্ছে।

এ বিষয়ে কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর মণ্ডল বলেন, সড়ক উন্নয়নের স্বার্থে গাছগুলো কাটা হচ্ছে। বর্তমানে গাছগুলো ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।

তার দাবি, উপজেলা প্রকৌশলীর পরামর্শ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছগুলো কাটা হয়েছে। পরে দরপত্রের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে

তবে উপজেলা প্রকৌশলী এম. জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের এ বক্তব্য অস্বীকার করেন।

তিনি বলেন, “গাছ কাটার পর বিষয়টি তাদের নজরে এসেছে। গাছ কাটার আগে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।”

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মিঠুও গাছ কাটার অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

তিনি বলেন, “সড়ক উন্নয়নের জন্য কিছু গাছ কাটার বিষয়টি তিনি শুনেছেন, তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি।”

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Link copied!