বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চ কাঁপালেন বাংলাদেশি সঞ্জয়

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১০:৩২ এএম

ফুটবল বিশ্বকাপ খেলার ধারে কাছেও নেই বাংলাদেশ। তবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিনিধিত্ব থাকল বাংলাদেশি ডিজে সঞ্জয় দেবের। তার জন্ম মৌলভীবাজারে হলেও পরে বেড়ে উঠেন ক্যালিফোর্নিয়ায়। তবে বাংলাদেশকে ভুলেননি কখনও। ২০২৫ বিপিএলের থিম সংও করেছিলেন সঞ্জয়। এবার তিনি ‘সির সির’ গান দিয়ে কাঁপালেন বিশ্বকাপ।

শুক্রবার রাতে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে ছিল গ্ল্যামারের ছড়াছড়ি। যা দেখতে কানাডার সমর্থকদের পাশাপাশি ভিড় জমালেন বসনিয়া ও হার্জেগোভিনার সমর্থকরাও। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় কানাডার আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে।

তাদের ঐতিহ্য তুলে ধরতে জগতের এই ফুটবল-যজ্ঞ। সেখানে ছিলেন কানাডিয়ান গায়ক উইলিয়াম প্রিন্স। এরপর লাল পোশাক পরা একদল লাস্যময়ী মঞ্চে এসে বিশালাকার ফুটবলের সোনালি আবরণ সরিয়ে দিলেন। হাজির হলেন কানাডিয়ান গায়িকা আলেসিয়া কারা-ও। তিনি ‘ওয়াইল্ড থিংস’ ও ‘ফায়ার’ গেয়ে দর্শকদের মাতালেন।

এর ঠিক পরই আসেন বলিউডের নোরা ফতেহি, ভেজেড্রিম ও বাংলাদেশি ডিজে সঞ্জয়। গানের তালে তালে নেচে-গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন তারা। গোটা স্টেডিয়াম তখন মুখরিত। প্রত্যশামতোই ‘সির সির’ গানে মঞ্চে আগুন ঝরালেন নোরা আর সঞ্জয়। সঞ্জয়ের পোশাক ছিল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের ছাপ, যার মাধ্যমে তিনি তুলে ধরেছেন নিজের জন্মভূমি বাংলাদেশকেই।

এবারের বিশ্বকাপের আরেক অফিসিয়াল গান শাকিরার ‘দাই দাই’ প্রথম দিনে পেয়েছিল ৮২ লাখ ভিউ। তাকে দ্বিগুণের বেশি ব্যবধানে পিছনে ফেলে নজির গড়েছে সঞ্জয়ের ‘সির সির’।