ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিপুল জয়ের প্রতিক্রিয়ায় দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।
শুক্রবার বিকেলে রাজধানীর **গুলশান**বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফল অনুযায়ী, দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে প্রায় দুই যুগ পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিএনপি। দলীয় ঘোষণার ভিত্তিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
দলের বিজয় নিয়ে অনুভূতি জানাতে গিয়ে মাহদী আমিন বলেন, “জনগণের যে আস্থা ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান অর্জন করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।
তিনি আরও বলেন, বিএনপি একটি ‘জনকল্যাণমূলক সরকার’ গঠন করতে চায়, যা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেন মাহদী আমিন।