বিএনপি আমাকে পরাজিত করতে সর্বশক্তি নিয়োগ করেছিল: ব্যারিস্টার রুমিন ফারহানা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৭:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, নির্বাচনে তাকে মোকাবিলা করতে শুধু প্রতিদ্বন্দ্বী নয়, পুরো বিএনপি সর্বশক্তি নিয়ে নেমেছিল। তাদের মনোভাব ছিল—দলের চেয়ে ব্যক্তির ইমেজ বড় হতে পারে না, তাই তাকে হারাতেই হবে।

শুক্রবার সরাইলের শাহবাজপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি আজ রুমিন ফারহানা হয়েছি কারণ একসময় বিএনপি করতাম। তারা চেয়েছিল আমাকে হারাতে—এটাই ছিল তাদের মূল লক্ষ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘হাঁস’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পান ৮০ হাজার ৪৩৪ ভোট। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিনকে বিএনপি বহিষ্কার করে।

তিনি জানান, এই নির্বাচন তার জন্য ২২–২৫ দিনের প্রস্তুতির বিষয় ছিল না। গত ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিত এলাকায় অবস্থান করে কাজ করেছেন। তার ভাষায়, “এই বিজয় শুধু আমার না এটা আমার দলের কর্মী এবং আমার ভোটারদের জয়।

বিএনপির সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, দলটি ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের আন্দোলন করলেও গত ১৮ মাসে তাদের কর্মকাণ্ডে দেখা গেছে চাঁদাবাজি, জমি-বাণিজ্য দখলসহ নানা অভিযোগ। “আমি কি এসবের অংশীদার হতে পারি? নিশ্চয়ই না,” মন্তব্য তার।

তিনি আশা প্রকাশ করেন, বিএনপি ২০০১ থেকে ২০২৬ পর্যন্ত যেসব ভুল করেছে, তার পুনরাবৃত্তি আর হবে না। গত দেড় বছরে দলটির কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিরক্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।