হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:২৪ পিএম

ভোটের মাঠে নাম, প্রভাব এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শেষ হাসি হাসতে পারেননি অনেকে। এবারের নির্বাচনে চমক দেখিয়েছে ভোটাররা—একাধিক হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বদলে দিয়েছেন সমীকরণ।

মামুনুল হকের পরাজয়
ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭টি ভোট। মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি ভোট। ভোটের ব্যবধান মাত্র ২ হাজার ৩২০।

দুই আসনেই হেরেছেন ফয়জুল করীম
বরিশাল-৫ ও ৬ আসনে বিএনপি প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট, আর ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট। বরিশাল-৬ আসনে বিএনপির আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট, ফয়জুল করীম পেয়েছেন মাত্র ২৮ হাজার ৮২৩ ভোট।

জামায়াত নেতা আযাদ হেরেছেন
কক্সবাজার-২ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ হেরে গেছেন। বিএনপি প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট, আযাদ পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট। ব্যবধান ৩৫ হাজার ৬২৮ ভোট।

ফুটবলার আমিনুলের পরাজয়
ঢাকা-১৬ আসনে জামায়াতের কর্নেল মো. আব্দুল বাতেন পেয়েছেন ৮৬ হাজার ৮২৩ ভোট। বিএনপি মনোনীত ফুটবলার আমিনুল হক পেয়েছেন ৮৪ হাজার ২০৭ ভোট।

সারজিস আলম হেরেছেন
পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট। এনসিপির সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। ব্যবধান ৮ হাজার ৩০৪ ভোট।

কৃষ্ণ নন্দী হেরেছেন বড় ব্যবধানে
খুলনা-১ আসনে বিএনপির আমির এজাজ খান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট। জামায়াতের কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট। ব্যবধান ৫১ হাজার ৬ ভোট।

নজরুল ইসলাম মঞ্জুর পরাজয়
খুলনা-২ আসনে জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল পেয়েছেন ৯৩ হাজার ৭৮৯ ভোট। বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট। ব্যবধান ৫ হাজার ৫৯২ ভোট।

মিয়া গোলাম পরওয়ার জিততে পারেননি
খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। বিএনপির মোহাম্মদ আলি আসগার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট। পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। ব্যবধান ২ হাজার ৬০৮ ভোট।

নাসীরুদ্দীন পাটওয়ারীর পরাজয়
ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। ব্যবধান ৫ হাজার ২৩৯ ভোট।

তাসনিম জারা হেরেছেন
ঢাকা-৯ আসনে বিএনপির হাবিবুর রশিদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।