বিএনপির আমিনুল হককে হারিয়ে জিতলেন জামায়াতের বাতেন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:৪৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হককে হারিয়ে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন। শুক্রবার সরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়।

ঢাকা-১৬ আসনে ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লার আব্দুল বাতেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। ভোটের ব্যবধান ৩ হাজার ৩৬১।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর থেকে কেন্দ্রগুলোতে ভোটগণনা চলে। শেরপুর-৩ আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন ছিলেন। নারী প্রার্থী ছিলেন ৮৩ জন, যার মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ২০ জন।

এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ছিল ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।