দুই-তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকারে যাচ্ছে বিএনপি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:১৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এই বিজয়ের মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর ক্ষমতায় ফিরছে দলটি।

মাঠপর্যায় থেকে বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৯টি আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে এ পর্যন্ত ২০৭টি আসন পেয়েছে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা।

তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। দলটি এ ঘোষণা আগেই দিয়েছে। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছিলেন এবং দুটি আসনেই জয়লাভ করেছেন।

আসনভিত্তিক ফলাফল
বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়।

শুক্রবার বেলা পৌনে একটা পর্যন্ত বেসরকারিভাবে ২৮৮টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি ও জোটভুক্ত মিত্র দল পেয়েছে ২০৭টি আসন, জামায়াতে ইসলামী ও মিত্র দল পেয়েছে ৭৩টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছেন সাতটি আসন। বাকি বেশ কয়েকটি আসনেও নিশ্চিত জয়ের পথে রয়েছে বিএনপি।

দুই-তৃতীয়াংশ বিজয়ের আত্মবিশ্বাস
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সংবাদ ব্রিফিংয়ে বলেন, জনগণের ভালোবাসায় সিক্ত বিএনপি জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, 'এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী।'