৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:০৬ পিএম

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

শুক্রবার ভোর পৌনে ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

ভোট বিবরণী
এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ হয়। বিএনপির মির্জা আব্বাস সরাসরি ভোটে পান ৫৬ হাজার ৫৫২ এবং পোস্টাল ভোটে ২ হাজার ৮১৪টি, মোট ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি ভোটে পান ৫১ হাজার ৫৭২ এবং পোস্টাল ভোটে ২ হাজার ৫৫৫টি, মোট ৫৪ হাজার ১২৭ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লাহ পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট এবং গণঅধিকার পরিষদের মেঘনা আলম পেয়েছেন ৬০৮ ভোট।

ভোটার উপস্থিতি
ঢাকা-৮ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি, বাতিল হয় ২ হাজার ৮১৭টি এবং বৈধ ভোট হয় ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি। পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন, যার মধ্যে ভোট পড়ে ৬ হাজার ১২টি এবং বাতিল হয় ৩২০টি।