ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০১:০৮ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৪ নতুন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৬৭ শিশু। শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২০৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৩২ শিশু। এসময় মৃত্যু হয়েছে ৬ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৬৭ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৩ শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে একজন-দুজন করে হামের লক্ষণ নিয়ে শিশু বিভাগে রোগী ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে এর প্রকোপ বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসাসেবা চলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘২৪ ঘণ্টায় ২৪ নতুন শিশু ভর্তি হয়েছে। এ সময়ে কোনো মৃত্যু না হলেও হামের লক্ষণ নিয়ে রোগী আসছেই। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’