বিজিবির অভিযানে ডায়মন্ড ও বিভিন্ন মুদ্রাসহ এক ভারতীয় নাগরিক আটক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১১:২১ পিএম

 যশোরে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি অভিযানিক দল যশোর-ঝিকরগাছা মহাসড়কে নতুনহাট সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালায়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
অভিযানে বিজিবি সদস্যরা বর্ণিত স্থান থেকে আনুমানিক ৬ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ডসহ (হীরক) সুজাউদ্দিন (৫২) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ব্যক্তি ভারতের তামিলনাড়ু অধিবাসী আবু বক্করের ছেলে সুজাউদ্দিন (৫২)। তিনি ঢাকা হতে চোরাকারবারিদের নিকট থেকে ডায়মন্ডগুলো সংগ্রহ করে বেনাপোল দিয়ে পাচার করে ভারতের কলকাতায় অজ্ঞাত ব্যক্তির নিকট হস্তান্তরের উদ্দেশ্যে ডায়মন্ডগুলো নিয়ে যাচ্ছিলেন।
উদ্ধারকৃত ডায়মন্ডসমূহ পুলিশের উপস্থিতিতে যশোরের ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ এর প্রতিনিধি দ্বারা পরীক্ষা করে প্রাথমিকভাবে আসল ডায়মন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে।
আটককৃত ভারতীয় নাগরিকের কাছ থেকে ডায়মন্ড ছাড়াও বাংলাদেশি নগদ ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ ইউএস ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়। জব্দকৃত ডায়মন্ডসহ সকল মালামালের সিজারমূল্য-৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জব্দকৃত ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার চলমান রয়েছে।