গত ইউরোতে হারের ক্ষত এখনও শুকায়নি স্পেনের। পুরো আসর দুর্দান্ত পারফর্ম করেও সেমিফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে হেরে বাড়ি ফিরতে হয়েছিল স্প্যানিশদের। তাই চলতি বিশ্বকাপে পেনাল্টি নিয়ে বাড়ি সতর্ক ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
তবে এখন নয়, ইউরোতে হারার পর দলের সবাইকে নিজ নিজ ক্লাবে অন্তত ১ হাজার পেনাল্টি অনুশীলনের হোমওয়ার্ক দিয়েছিলেন স্পেন কোচ লুইস এনরিকে। কারণ, তিনি মনে করেন জাতীয় দলের অনুশীলেন এত পেনাল্টি অনুশীলনের সুযোগ থাকে না।
এনরিকে বলেন, “এক বছরেরও বেশি সময় আগে খেলোয়াড়দের বলেছিলাম, ‘বিশ্বকাপের আগে তোমাদের অবশ্যই ক্লাবের হয়ে কমপক্ষে ১ হাজর পেনাল্টি নিতে হবে। কারণ জাতীয় দলে আপনি তাদের এই প্রশিক্ষণ দিতে পারবেন না।”
টাইব্রেকারে জয়-পরাজয় কখনোই ভাগ্যে ওপর নির্ভর করে না বলেও মনে করেন এনরিকে। টাইব্রেকারে গোলরক্ষকদের পারফর্মেন্সই মুখ্য বিষয় বলে জানান তিনি।
“এটা (টাইব্রেকার) ভাগ্যের ওপর নির্ভর করে না, এখানে গোলরক্ষকই মুখ্য। আমাদের তিনজন গোলরক্ষকই এ ব্যাপারে ভালো। অনুশীলনে আমাদের খেলোয়াড়রা পেনাল্টি কিক নেয়, এটা বিবেচনায় রেখেই আমরা হোমওয়ার্ক করছি” যোগ করেন এনরিকে।
শেষ ষোলোর ম্যাচে স্পেনের প্রতিপক্ষ মরক্কো। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি।

















