ব্যাটিং ভালো হবে, বোলিং হবে না। আবার বোলিং ভালো হবে কিন্তু ব্যাটিং হবে না। জয়ের পরিস্থিতি তৈরি হবে কিন্তু জয় আসবে না। ভারতের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড ঠিক এমনটাই।
আজও প্রথমে বোলিং করে সাকিব আল হাসান ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে মাত্র ১৮৬ রানে আটকে রেখেছিল টাইগাররা। অথচ ব্যাটিংয়ে নেমে এই মামুলি লক্ষ্য তাড়া করতেও হিমশিম খাচ্ছিল বাংলাদেশ।
এমনকি জয় থেকে ৫১ রান দূরে থাকতেই ৯ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। তখন হয়তো সবার মনে হচ্ছিল, এ আর নতুন কি! আবারও ভারতের বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করবে বাংলাদেশ।
তবে অবিশ্বাস্য, দুর্দান্ত ব্যাটিংয়ে সবার ধারণাকে মিথ্যা প্রমাণ করেছেন মেহেদী হাসান মিরাজ। শেষ ৫১ রানের ৩৮ রান এসেছে তার ব্যাট থেকে। প্রায় একা হাতেই ভারতের বিপক্ষে ক্লোজ গেম জিতিয়েছেন বাংলাদেশকে।
ম্যাচ শেষে মিরাজ বলেন, মাচ জয়ের জন্য শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখার প্রয়োজন ছিল। আর তাতেই এসেছে এই অবিশ্বাস্য জয়।
মিরাজ বলেন, “আল্লাহকে ধন্যবাদ। আমি এবং মোস্তাফিজ শুধু ভাবছিলাম, আমাদের বিশ্বাস রাখতে হবে। আমি শুধু তাকে (মোস্তাফিজ) বলেছিলে অন্তত ২০টা বল খেলতে।”
এর আগে বোলিং ইনিংসে ভারতের ঘর গুটিয়ে দেওয়াটাও শুরু হয়েছে মিরাজের হাত ধরেই। ইনিংসের ষষ্ঠ ওভারে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে ফেরান তিনি। বোলিংটা উপভোগ করছেন বলে জানান তিনি।
“আমি বোলিং উপভোগ করছি। সকালের উইকেটটা একটা ট্রিকি ছিল এবং বোলিংটা তখন উপভোগ করেছি। সবমিলিয়ে এই পারফর্মেন্স আমার খুব স্মরণীয় হয়ে থাকবে” যোগ করেন মিরাজ।


















