ফিফা বিশ্বকাপ বাছাই

জেসুসকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৩:২৮ এএম
জেসুসকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
ফাইল ছবি

চলতি মার্চ মাসে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের শেষ দুই ম্যাচে মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে হতে যাওয়া এই বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে কোচ তিতের দল। 

বিশ্বকাপের আগে অন্যদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকলেও এক গ্যাব্রিয়েল জেসুস ছাড়া নিয়মিত একাদশের সবাইকে রেখে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ তিতে।

মার্চের ২৫ তারিখে ঘরের মাটিতে চিলি ও ৩০ তারিখ বলিভিয়ার বিপক্ষে তাদের মাটিতে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় হবে ম্যাচ দুটো। 

এ দুই ম্যাচের জন্য নেইমার, সিলভাসহ ইউরোপে লীগগুলোতে খেলা অধিকাংশ খেলোয়াড়রাই জায়গা পেয়েছেন।  তাদের মধ্যে ব্রাজিলের লিগে খেলা মাত্র ২ জন ডাক পেয়েছেন দলে। তারা হলেন- আতলেতিকো মিনেইরোর ২৪ বছর বয়সী লেফটব্যাক গিয়ের্মে আরানা ও পালমেইরাসের ৩৪ বছর বয়সী গোলকিপার ওয়েভারতন।

তবে গুঞ্জন ছিল, বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচে ব্রাজিলের লিগগুলোর খেলোয়াড়দের পরীক্ষা করবেন তিতে। তবে মার্চে সেদেশের লিগের নক আউট পর্বের খেলার কারণে খেলোয়াড়দের দলে রাখেনি স্বদেশি কোচ।

তবে ইংলিশ ক্লাব আর্সেনালে আলো ছড়াতে থাকা তরুণ ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি আর জুভেন্টাসের মিডফিল্ডার আর্থারকে স্কোয়াডে ফিরিয়েছে ব্রাজিল। ফলে খেলার ফরমেশনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।  

বাছাই পর্ব শেষে বিশ্বকাপের আগে আর ৫-৬ টা ম্যাচ শিষ্যদের পরখ করার সুযোগ পাবেন কোচ তিতে। ফলে ২০০২ সালে শেষবার শিরোপা জয় করা ব্রাজিল তাদের হেক্সা মিশনের স্কোয়াড গঠনে আর বেশি সুযোগ পাবেনা বলেই ধরে নেয়া যায়৷ 

ব্রাজিল সমর্থকদের খুশির খবর, বার্সেলোনায় ফর্মহীন ফিলিপে কৌতিনহো ধারে অ্যাস্টন ভিলায় এসেই দুর্দান্ত পারফর্ম করছে। তার ফর্মের উন্নতিতে আত্মবিশ্বাস জাগিয়েছে ম্যানেজমেন্টকে। অন্যদিকে একের পর এক ম্যাচে সুযোগ পেয়েও গোল করতে না পারায় বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস। ২০১৯ সালে কোপা আমেরিকায় সেমি ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে শেষ গোল করেছিলেন জেসুস। এরপর ১৬ ম্যাচের গোলখরা তার বিশ্বকাপ স্কোয়াডে অনিশ্চিত করে তুলেছে। 

 

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: আলিসন বেকার, এদেরসন, ওয়েভারতনডি

ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মার্কুনিওস, এডার মিলিতাও, মাগালেস, দানিলো, দানি আলভেজ, আলেক্স তেলেস, আরানা।

মিডফিল্ডার: গিমারেস, কৌতিনহো, পাকুইতা, আর্থার, কাসেমিরো, ফ্রেড, ফাবিনিও।

ফরোয়ার্ড: রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, মার্তিনেল্লি, আন্তনি, রাফিনিয়া, রিচার্লিসন, নেইমার জুনিয়র।

Link copied!