ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়েছে গত বৃহস্পতিবার। এরই মধ্যে সেদেশের অধিবাসীরা পোল্যান্ডসহ পাশের দেশগুলোয় সীমান্ত পার হচ্ছে। কেউ কেউ আবার চলমান যুদ্ধে আটকাও পড়েছে। প্রিমিয়ার লিগের ক্লাব শাখতার দোনেৎস্ক নিশ্চিত করেছে তাদের ক্লাবের ব্রাজিলিয়ান খেলোয়াড়রা সফলভাবে ইউক্রেন ছেড়েছেন।
গত সপ্তাহে প্রতিবেশী দেশ ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের পর শাখতার এবং প্রতিদ্বন্দ্বী ডায়নামো কিভের একদল ব্রাজিলিয়ান খেলোয়াড় দেশটিতে আটকে পড়েন। তারা বিপদ থেকে বাঁচার সমাধান খুঁজছিলেন।
মঙ্গলবার (১ মার্চ) ক্লাবটি নিশ্চিত করেছে যে, তাদের ১৩ ব্রাজিলিয়ান খেলোয়াড়কে প্রথমে ইউক্রেন থেকে মোল্দোভা নেওয়া হয়েছে। সেখান থেকে ডায়নামো কিভের বিদেশী খেলোয়াড়দের সাথে রোমানিয়াতে সরিয়ে নেওয়া হয়েছে।
শাখতারের ডিফেন্ডার ভিনিসিয়াস টোবিয়াসের এজেন্ট বলেছেন যে, ইউক্রেন থেকে বেরিয়ে আসতে খেলোয়াড়দের ১৬ ঘন্টা সময় লেগেছিল এবং তারা বুখারেস্ট থেকে ব্রাজিলে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।




