ইয়ুভাল নোয়া হারিরি

যে কারণে পুতিন এরই মধ্যে এই যুদ্ধে পরাজিত


বিধান রিবেরু
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৭:১৯ পিএম
যে কারণে পুতিন এরই মধ্যে এই যুদ্ধে পরাজিত

ইউক্রেনকে পুরোপুরি কবজা করে নেবে রাশিয়া। তবে ইউক্রেনবাসী গত কয়েক দিনে দেখিয়ে দিয়েছেন যে তাদের ভূমি তারা বেশি দিন ধরে রাখতে দেবেন না।

যুদ্ধের এক সপ্তাহও পেরোয়নি, যত দিন যাচ্ছে মনে হচ্ছে ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক পরাজয়ের দিকেই ধাবিত হচ্ছেন। তিনি হয়তো সব লড়াই জিতবেন, কিন্তু যুদ্ধে তিনি হারবেন। রুশ সাম্রাজ্যকে পুনর্গঠনের যে স্বপ্ন পুতিন দেখছেন, তা এক অলীক কল্পনার ভিত্তিতে, তিনি ভাবছেন ইউক্রেন কোনো সত্যিকারের রাষ্ট্র নয়, ইউক্রেনীয় জনগণও অলীক। পুতিন হয়তো এ-ও ভাবছেন কিয়েভ, কারকিভ ও লেভিবের জনগণ মস্কোর দ্বারা শাসিত হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। এসবের পুরোটাই মিথ্যা। ইতিহাসে দেখা যায় হাজার বছর ধরেই ইউক্রেন একটি রাষ্ট্র এবং কিয়েভ যখন গুরুত্বপূর্ণ শহর, মস্কো তখন গ্রামও হয়ে ওঠেনি। কিন্তু রুশ স্বৈরশাসক মিথ্যা কথাটিই এতবার উচ্চারণ করেছেন যে ধীরে ধীরে সেটা তিনি নিজেই বিশ্বাস করে বসে আছেন।

পুতিন যখন ইউক্রেন দখলের পাঁয়তারা করছেন, তখন তিনি জানা কিছু তথ্য ঝালাই করে নিতে পারতেন। তিনি জানতেন, সামরিকভাবে রাশিয়ার কাছে ইউক্রেন বামনাকৃতির। তিনি জানতেন, ইউক্রেনকে সাহায্য করার জন্য ন্যাটো সেনা পাঠাবে না। তিনি জানতেন, রাশিয়ার তেল ও গ্যাসের ওপর ইউরোপীয় নির্ভরশীলতা জার্মানির মতো দেশগুলোকে কঠোর নিষেধাজ্ঞা আরোপে দ্বিধাগ্রস্ত করে তুলবে। এসব জানা তথ্যের ওপর ভিত্তি করেই তিনি ইউক্রেনের ওপর কঠোর ও দ্রুত আঘাতের পাশাপাশি দেশটির সরকারের মাথা ফেলে দেওয়া এবং কিয়েভে একটি পুতুল সরকার বসিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার নপুংসক ক্রোধ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করেন।

কিন্তু এই পরিকল্পনায় একটি বড় অজানা ছিল। মার্কিনরা যেমন ইরাকে শিখেছে এবং সোভিয়েতরা আফগানিস্তানে, তা হলো কোনো দেশ জয় করার চেয়ে তা ধরে রাখা কঠিন। পুতিন জানতেন, ইউক্রেন জয় করার ক্ষমতা তার আছে। কিন্তু ইউক্রেনের জনগণ কি মস্কোর পুতুল শাসককে মেনে নিতে প্রস্তুত? পুতিন এখানে জুয়া খেললেন, তিনি ভেবেছেন ইউক্রেনের জনগণ তা মেনে নিতে প্রস্তুত। তার চেয়েও বড় কথা, তিনি আগ্রহীদের কাছে বারবার এক ব্যাখ্যাই হাজির করেছেন, তা হলো ইউক্রেন আসলে কোনো রাষ্ট্র নয়, আর ইউক্রেনীয়রাও আসলে কোনো জাতি নয়। ২০১৪ সালে, ক্রিমিয়ার লোকজন রুশ দখলদারত্বকে দুর্বলভাবে ঠেকানোর চেষ্টা করেছে। ২০২২ সাল কেন ভিন্ন হবে?

যত দিন যাচ্ছে, পুতিনের জুয়াখেলা যে ব্যর্থ হচ্ছে, তা স্পষ্ট হয়ে উঠছে। ইউক্রেনীয় জনগণ তাদের হৃদয়ের সবটুকু দিয়ে প্রতিরোধ করছে, গোটা বিশ্বের শ্রদ্ধা আদায় করে নিচ্ছে–এবং যুদ্ধকে জয় করছে। সামনে আরও অন্ধকার দিন সমাগত। রাশিয়া হয়তো পুরো ইউক্রেন জয় করে ফেলতে পারে, কিন্তু যুদ্ধে জয়ী হওয়ার জন্য, রুশদের ইউক্রেনকে ধরে রাখতে হবে এবং ইউক্রেনের জনগণ তাদের সম্মতি দিলেই তা তারা করতে পারে। তবে ক্রমেই মনে হচ্ছে, এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম।

প্রতিটি রুশ ট্যাংক ধ্বংস ও প্রত্যেক রুশসেনা নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেনীয়দের প্রতিরোধের স্পৃহা বেড়ে যাবে। আর প্রত্যেক ইউক্রেনীয়কে হত্যার সঙ্গে সঙ্গে রুশদের প্রতি ইউক্রেনীয়দের ঘৃণা আরও গভীর হবে। ঘৃণা হলো সবচেয়ে কুৎসিত আবেগ। কিন্তু নিপীড়িত জাতির জন্য, ঘৃণা গুপ্তধনের মতো। হৃদয়ের গভীরে সমাহিত ঘৃণা, প্রজন্মের পর প্রজন্ম প্রতিরোধের শিখা জ্বালিয়ে রাখতে পারে। রুশ সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার জন্য, পুতিনের একটি অপেক্ষাকৃত কম রক্তপাতহীন বিজয় প্রয়োজন, যা তুলনামূলকভাবে ঘৃণাহীন শান্তির দিকে নিয়ে যাবে। তবে ইউক্রেনীয় রক্তক্ষরণ বৃদ্ধি করে পুতিন নিজের স্বপ্নেরই কবর খুঁড়ছেন। এতে করে রুশ সাম্রাজ্যের মৃত্যুর সনদের ওপর মিখাইল গর্বাচেভের নাম নয়, লেখা হবে পুতিনের নাম। রুশ ও ইউক্রেনীরা ভ্রাতৃপ্রতিম—গর্বাচেভ এই অনুভূতিই রেখে গিয়েছিলেন, কিন্তু পুতিন তাদের শত্রুতে পরিণত করেছেন। তিনি বরং নিশ্চিত করেছেন—ইউক্রেনীয় জাতি এখন রুশদের চেয়ে একেবারে ভিন্নরূপেই নিজেদের ভাবতে শুরু করবে।

প্রকৃত অর্থে জাতি নির্মিত হয় কল্পনা বা গল্পের ওপর। যত দিন গড়াচ্ছে ততই নতুন নতুন গল্প যোগ হচ্ছে, ইউক্রেনীয়রা সেসব গল্প আসছে অন্ধকার দিনগুলোতেই শুধু নয়, বলে যাবে আগত দশক ও প্রজন্ম ধরে। যে প্রেসিডেন্ট রাজধানী ছেড়ে পালাতে অস্বীকৃতি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছেন তার গোলাবারুদ দরকার, পালানোর বাহন নয়; স্ন্যাক আইল্যান্ডের সৈন্যরা, যারা একটি রুশ যুদ্ধজাহাজকে বলে দিয়েছে ‘গো ফাক ইওরসেলফ’; বেসামরিক মানুষ, যারা রাজপথে বসে রুশ ট্যাংক থামানোর চেষ্টা করেছে; এসব ঘটনা থেকেই জাতি নির্মিত হয়। দীর্ঘদিন ধরে এই গল্পগুলোই শোনা যাবে, ট্যাংকের শব্দ নয়।

রুশ স্বৈরাচারীরও এসব জানা প্রয়োজন, আর দশটা মানুষের মতো। লেনিনগ্রাদ অবরোধের সময়, সেই শিশুকাল থেকে তিনি রুশ সাহসিকতার গল্প শুনে শুনে বড় হয়েছেন। এখন তিনি সে রকম আরও সাহসিকতার গল্প তৈরি করছেন, কিন্তু নিজেকে বসাচ্ছেন হিটলারের ভূমিকায়।

ইউক্রেনীয়দের সাহসিকতার গল্প শুধু ইউক্রেনীয়দের নয়, সমগ্র বিশ্বকেই স্থিরসংকল্প হওয়ার মন্ত্রণা দিচ্ছে। এসব গল্প ইউরোপীয় দেশগুলোর সরকারকে, মার্কিন প্রশাসনকে, এমনকি নির্যাতিত রুশ নাগরিকদেরও সাহস জোগাচ্ছে। ইউক্রেনীয়রা যদি খালি হাতে ট্যাংকের মতো সাজোয়া যান থামিয়ে দেওয়ার সাহস রাখে, জার্মান সরকারেরও উচিত তাদের কিছু ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সাহস সঞ্চয় করা, মার্কিন সরকারেরও উচিত সাহস নিয়ে আন্তর্জাতিক ব্যাংকিং পরিষেবা (SWIFT) থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলা, এবং রুশ নাগরিকদেরও উচিত এই নির্বোধ যুদ্ধের বিরুদ্ধে নিজেদের বিরোধিতা প্রদর্শন করার সাহস দেখানো।

দুর্ভাগ্যবশত, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। গত কয়েক দিনের ঘটনা সারা বিশ্বের কাছে প্রমাণ করেছে যে ইউক্রেন একটি সত্যিকারের রাষ্ট্র, ইউক্রেনীয়রা সত্যিকারের জাতি এবং তারা কোনোভাবেই নতুন রুশ সাম্রাজ্যের অধীনে বাস করতে চায় না। এখন প্রশ্ন হলো, এই বার্তাটি ক্রেমলিনের পুরু পাঁচিল ভেদ করতে আর কত সময় লাগবে?

 

ইয়ুভাল নোয়া হারারি: ইতিহাসবিদ ও ‘স্যাপিয়েন্স: আ ব্রিফ হিস্টোরি অব হিউম্যানকাইন্ড’ বইয়ের লেখক

(কলামটি যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ অনলাইন পোর্টালে প্রকাশ হয় ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে, সেখান থেকে অনুবাদ করেছেন বিধান রিবেরু।)

মতপ্রকাশ বিভাগের আরো খবর

Link copied!