সুরের ইন্দ্রধনু নিয়ে সন্ধ্যার বিদায়


সাইম রানা
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১২:১৯ এএম
সুরের ইন্দ্রধনু  নিয়ে সন্ধ্যার বিদায়

মহান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ৯১ বছর বয়সে (১৯৩১-২০২২) ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় চলে গেলেন। সেই সঙ্গে বাংলা গানে নিকষ কালো রাতও নেমে এলো। তার মানে স্বর্ণ যুগের বাংলা গানের শেষ নক্ষত্রের অবসান হলো। গত ২৭ জানুয়ারি কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবশেষে কার্ডিয়াক আক্রমণে শেষনিশ্বাস রাখলেন। ১৯৪৮ সালে শচীন কর্তার হাত ধরে প্লেব্যাক শিল্পী হিসেবে সিনেমা জগতে আসেন। ১৭টি হিন্দি সিনেমায় গান করার পর ফিরে আসেন বাংলা গানে। ধীরে ধীরে তৈরি করেন সুর ও কণ্ঠশৈলীর অভূতপূর্ব সব কৌশল আরোপ করতে থাকেন। আর বড়ে গোলাম আলী খাঁ, এ টি কানন, সন্তোষ কুমার বসু, চিন্ময় লাহিড়ী প্রমুখের কাছে প্রাপ্ত শাস্ত্রীয় তালিম অনন্য প্রতিভার সাক্ষ্য প্রদান করে।

বাংলা গানে এতো অপরূপ কণ্ঠশিল্পী আর হয়তো পাওয়া যাবে না। তিনি গীতিকার ছিলেন না, তবু তাঁকে গীতশ্রী বলা হয়, আবার একইভাবে সুরের যে মায়াজাল বুনেছিলেন এমন সূক্ষ্ম অথচ মাধুর্যময় কণ্ঠশিল্পী বাংলায় আর কারো সঙ্গে তুলনীয় নয়। তবু তাঁকে সুরশ্রী কিংবা গায়নশ্রী বলা হয়নি। তার কণ্ঠের বিশেষত্ব ছিল বিশেষ ধরনের তরঙ্গ সৃষ্টি, যা পশ্চিমা দেশের ধ্রুপদি সংগীতে ‘ভিব্রেটো’ বলা হয়। এই সুর ইউরোপীয় অপেরা সংগীতে প্রধানত ব্যবহৃত হতে দেখা যায়। তবে এই কণ্ঠশৈলীর সাথে ইতালিয়ান বেলকান্ট শৈলীর সাথেও মিল পাওয়া যায়। এই ধরনের প্রয়োগ সন্ধ্যা ছাড়া বাংলা গানে আর কারো কণ্ঠেই পাওয়া যায় না।

সন্ধ্যাজির গায়কির আরেক অনুপম বৈশিষ্ট্য হলো কণ্ঠের প্রত্যেক উপাদানকে বৈজ্ঞানিক নিয়মে কাজে লাগানো। এজন্য বাংলা ভাষার যেকোনো শব্দই তার গায়নের ভেতর পূর্ণটা পেয়েছে। বিশেষ করে ওষ্ঠের নানা রকম বাঁক প্রদর্শন করে স্বরের মধ্যে গতি সৃষ্টি করা। যেমন ‘গানে মোর কোন ইন্দ্রধনু’ গানে ‘মোর’, ‘ইন্দ্রধনু’, ‘কুহু’ ইত্যাদি শব্দে বিশেষ ধরনের অলংকার বাংলা গানের সুর প্রয়োগে অনন্য উচ্চতা দিয়েছে। এ রকম অসংখ্য গান ‘তুমি না হয় রহিতে কাছে’, ‘কে তুমি আমার ডাকো’, ‘ঘুম ঘুম রাত ঝিকিমিকি তারা’, ‘এ শুধু গানের দিন’, এসব গানের ভাবের স্পন্দন বাঙালির মধ্যবিত্ত জীবনকে এতটাই স্পর্শ করেছিল যে, তা যেন গানে গানে ঘুমানো ও গানে গানে জেগে ওঠার মতো এক মায়ার পৃথিবী সৃষ্টি করেছিল। 

বাংলা গানে শব্দ ও স্বরের উচ্চারণে যে জটিলতা রয়েছে তা সন্ধ্যাদের হাত ধরেই মুক্তরূপ পেয়েছে। কিন্তু তাঁদের গান আমাদের হৃদয়কে নাড়িয়ে যাওয়া, কিংবা আধুনিক গানের স্বকীয়তা দান করলেও তাদের মূল্যায়ন কোনোভাবেই করা সম্ভব হয়নি। সে সামর্থ্য এখনো বাঙালির হয়নি। কারণ তাঁর গান আমাদের মঞ্চকে যতটা অধিকার করে রেখেছে, বিদ্যায়তনে তার সিকিভাগও স্থান পায়নি। বাঙালির গায়ণশৈলীর কথা বলতে হলে সন্ধ্যার আগে কার নাম আগে একবার সাহস জাগবে? একজনেরও না। কিন্তু সংগীত শিক্ষার আসরে তার কণ্ঠের স্বর প্রক্ষেপণের কৌশল নিয়ে কোনো ব্যাখ্যা তৈরি হয়নি। অথচ অধিকাংশ বিভাগই পরিবেশনা শৈলী বিভাগ হিসেবে পরিচিত। 

বাঙালির স্বাধীনতাযুদ্ধেও তিনি অপরিসীম অবদান রেখেছেন। লক্ষ লক্ষ শরণার্থীর জন্য অর্থ সংগ্রহ করেছেন। এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনকালে তার গাওয়া একটি গান ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে’ অবিস্মরণীয় হয়ে আছে। তবুও আমরা এই সব দৈন্য জীবন, দৈন্য শিক্ষা, দৈন্য দশা নিয়ে পড়ে আছি, অকৃতজ্ঞ পথে। আরো কিছুদিন হয়তো থাকবো।

 

লেখক : সংগীত বিশেষজ্ঞ 

মতপ্রকাশ বিভাগের আরো খবর

Link copied!