বিশ্ব ডাক দিবস: পুনরুদ্ধারে উদ্ভাবন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ১০:১০ এএম
বিশ্ব ডাক দিবস: পুনরুদ্ধারে উদ্ভাবন

আজ ৯ অক্টোবর, শনিবার বিশ্ব ডাক দিবস। প্রতিবছরের মতো এবারও বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এই বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনোভেট টু রিকভার’ বা ‘পুনরুদ্ধারে উদ্ভাবন’।

বিশ্বের প্রতিটি দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ ডাক অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

বিকাল ৩টায় রাজধানীর গুলিস্তানস্থ ডাক ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় আন্তর্জাতিক হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সিলেটের এক মেয়েকে সংবর্ধনা দেওয়া হবে।

বাংলাদেশ ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্য পদ লাভ করে। এরপর থেকে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালিত হয়ে আসছে এ দেশে।

১৮৪০ সালে প্রথম ডাকটিকিট ব্যবহার হয় ব্রিটেনে। এর এক যুগ পরে ১৮৫২ সালে ভারতীয় উপমহাদেশে ডাকটিকিটের প্রথম ব্যবহার শুরু হয়।

১৯৭১ সালের ২৯ জুলাই ভারতীয় নাগরিক বিমান মল্লিকের ডিজাইন করা আটটি ডাকটিকিট কলকাতায় বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়। কূটনৈতিক প্রক্রিয়া হিসেবে স্বাধীনতার সপক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করে মুজিবনগর সরকার।

১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বের্ন শহরে ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গঠিত হয় ‘ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন’। পরে এ সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশ ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ১০ হাজার ডাকঘরে প্রায় ৪০ হাজার কর্মী ডাকসেবায় নিয়োজিত রয়েছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!