অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু না হয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। অবশ্য এ বিষয়ে আয়োজক বাংলা একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানকিভাবে এখনো জানানো হয়নি।
রোববার (১৬ জানুয়ারি) মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “মেলার সময় পেছতে অফিসিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।”
এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, বইমেলা পেছানোর বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলা একাডেমির মহাপরিচালককে অবহিত করেছেন।
গত বছর করোনাভাইরাস মহামারির কারণে অমর একুশে বইমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয় এবং নির্ধারিত সময়ের দুদিন আগে ১২ এপ্রিল তা শেষ হয়। ভিড় এড়াতে গতবার স্টলের সামনে ফাঁকা জায়গা রেখে প্রায় ১৫ লাখ বর্গফুটের বিশাল প্রাঙ্গণজুড়ে মেলা অনুষ্ঠিত হয়, যা ২০২০ সালের প্রায় দ্বিগুণ ছিল।
সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে গতবারের মতো বাংলা একাডেমি স্বাস্থ্যবিধি মেনে বিশাল এলাকাজুড়ে বইমেলা করতে চায়।






