রাশিয়ায় একইদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৪:৪১ পিএম
রাশিয়ায় একইদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় (শনিবার, ১৬ অক্টোবর পর্যন্ত) রাশিয়ায় করোনা আক্রান্ত ১০০২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ২০৮ জন।

এরই মাধ্যমে প্রথমবারের মতো করোনায় এক দিনে এক হাজারের বেশি মৃত্যুর রেকর্ড করল রাশিয়া। মহামারি শুরুর পর এটিই দেশটির সর্বোচ্চ মৃত্যু ও দৈনিক সংক্রমণ। ফলে শনিবার টানা তৃতীয় দিনে মতো সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের হার দেখলো রাশিয়াবাসী।

আল-জাজিরা জানায়, টিকা কার্যক্রমের অচলাবস্থা আর স্বাস্থ্যবিধির প্রয়োগ  না থাকায় এই বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। করোনা পরিসংখ্যানকারী গোগভ ওয়েবসাইটের মতে, রাশিয়ায় এ পর্যন্ত মাত্র ৩১ শতাংশ মানুষ সম্পূর্ণ ডোজ টিকা পেয়েছেন।

টিকাদানের হার আশঙ্কাজনকভাবে কম হওয়া সত্ত্বেও অর্থনীতি সচল রাখতে লকডাউনের মতো বড় ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে ক্রেমলিন। কঠোর নিষেধাজ্ঞার অভাবে অধিক সংক্রমণের এলাকাগুলো থেকে করোনাভাইরাস অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ছে। তবে কয়েকটি অঞ্চলে পার্ক, রেস্টুরেন্ট আর মার্কেটে  প্রবেশের জন্য টিকাদান বাধ্যতামূলক করা হয়েছে।

করোনার প্রাদুর্ভাব বাড়ার জন্য রুশদের অসচেতনতাকেই দায়ী করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন জরিপ দেখা যায় দেশটি অর্ধেকেরও বেশি নাগরিক টিকা নেওয়ার বিরুদ্ধে।

শনিবারের দৈনিক মৃত্যুতে রাশিয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ২২ হাজার ৩১৫ জনে। যা ইউরোপের যেকোন দেশের করোনায় প্রাণহানির চাইতে ঢের বেশি।

Link copied!