চীন ও ভারতের সেনা লাদাখ নিয়ে সব সময় মুখোমুখি অবস্থানে থাকে। তাই নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের অত্যাধুনিক ও বিধ্বংসী ট্যাংক কামান মোকাবিলা করতে ভারত ‘কে-৯ বজ্র’ কামান মোতায়েন করেছে। খবর হিন্দুস্তান টাইমসের
লাদাখ সীমান্তে কে-৯ বজ্র কামানের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে বলে জানান ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। শনিবার (৯ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেন ওই কর্মকর্তা।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকে লাদাখে সেনা মোতায়েনসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন। ভারতও চাচ্ছে নিজেদের প্রধান্য বিস্তার করতে। পাল্টা জবাব হিসেবে সীমান্তে কে-৯ বজ্র মোতায়েন করে ফেলল ভারত।
ওই সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়, ভারতের হাতে ১০০টি কে-৯ বজ্র কামান রয়েছে, যা দক্ষিণ কোরিয়ার অস্ত্র নির্মাতা সংস্থার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি করা। কামানগুলো প্রায় ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। কে-৯ বজ্র কামান ভারতের দুটি রাজ্য রাজস্থান ও পাঞ্জাব সীমান্তে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। লাদাখ অঞ্চলে সম্প্রতি চীনের সঙ্গে সংর্ঘষের ঘটনার পর ওই দেশটিকে মোকাবিলা করার জন্য তবে কামানগুলো স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ভারত।








































