পারমাণবিক যুদ্ধের হুমকি বাড়লেও রাশিয়া পাগল হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথম পারমাণবিক বোমাটি রাশিয়া ছুড়বে না বলে নিশ্চিত করেন তিনি।
বিবিসি জানায়, সম্প্রতি রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পুতিন। রাশিয়া কেবল হামলার প্রতিবাদেই পারমাণবিক বোমা ব্যবহার করবেন বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধ দীর্ঘতর হতে পারে বলে আশঙ্কা করেছেন পুতিন।
পুতিন বলেন, “পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাড়ছে, এতে লুকানোর কিছু নেই।” তবে কোনো পরিস্থিতিতেই রাশিয়া প্রথমে এই অস্ত্র ব্যবহার করবে না বলে নিশ্চিত করেছেন তিনি। পাশাপাশি পারমাণবিক অস্ত্র দিয়ে কাউকে হুমকিও দেবে না দেশটি।
রাশিয়া ক্ষুর হাতে নিয়ে দৌড়ানোর মতো করে পারমাণবিক অস্ত্র নিয়ে সবার পিছু লাগবে না উল্লেখ করে পুতিন বলেন, “আমরা পাগল হয়ে যাইনি। পারমাণবিক অস্ত্র কী করতে পারে আমরা জানি।”
তিনি বলেন, “আমরা আমেরিকানদের মতো অন্যের দেশে পারমাণবিক অস্ত্র বসাইনি। কিন্তু ওরা তুরস্কসহ ইউরোপের বিভিন্ন দেশে নিজেদের পারমাণবিক অস্ত্র বসিয়েছে।”
পুতিন দাবি করেন, রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত পারমাণবিক অস্ত্র আছে। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করেই তাদের পারমাণবিক কৌশল সাজিয়েছে রাশিয়া। তবে নিজ দেশের বাইরে পারমাণবিক অস্ত্র বসাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে সফল বলে জানান তিনি।




















