দায় স্বীকার আইএসের

আফগানিস্তানে ফের শিয়া মসজিদে বিস্ফোরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৬:০৬ পিএম
আফগানিস্তানে ফের শিয়া মসজিদে বিস্ফোরণ

আফগানিস্তানে ফের শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ ঘটেছে। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস)।

শুক্রবার (১২ নভেম্বর) এএফপির বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের স্পিনঘার এলাকার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জনের মৃত্যু এবং আহত হয়েছেন আরও ১২ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা এএফপিকে বলেন, “নানগারহার প্রদেশের স্পিনঘার জেলায় জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরিত হয়েছে।”

টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়, তালেবানরা ক্ষমতা দখলের পর থেকেই ওই এলাকাটিতে আইএস খোরাসান (আইএস-কে) জঙ্গিরা ব্যাপক তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় দেশটির নানগারহার প্রদেশের স্পিন গার জেলায় হামলার ঘটনাটি ঘটে। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএস-কে।

এর আগে চলতি মাসের শুরুর দিকেও আইএস যোদ্ধারা কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলা চালায়। এতে ১৯ জনের মৃত্যু এবং ৫০ জন আহত হন। এ ছাড়া চলতি বছরেই মসজিদে বেশ কয়েকটি বোমা হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়।

Link copied!