বলিউড সুপারস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফের ব্লকবাস্টার সিনেমা টাইগার সিরিজের তৃতীয় কিস্তির শুটিং করোনার কারণে স্থগিত করা হয়েছে।
জানুয়ারির মাঝামাঝি সময়ে ফের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘যশ রাজ ফিল্ম’ শুটিং স্থগিত করার ঘোষণা দেয়।
সিনেমাটির সঙ্গে যুক্ত একজন বলেন, “এখন বড় পরিসরে শুটিং করার মত সময় নয়। ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আমাদের সবার নিরাপত্তার ও সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ১২ জানুয়ারি থেকে শুটিং শুরু করার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু সব কিছু আমাদের হাতে নেই।”
তিনি আরও বলেন, “যেহেতু টাইগার-থ্রি একটি স্পাই থ্রিলার, তাই গল্পের প্রয়োজনে পুরো টিমকে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন জায়গায় শুটিং করতে হয়। কিন্তু বিশ্বে আবারও করোনার প্রকোপ দ্রুত বাড়তে থাকায়, প্রযোজক প্রতিষ্ঠান যশ রাজ ফিল্ম এবং ডিরেক্টর মনেশ শর্মা শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় এটা একটি প্রশংসা পাওয়ার মতো উদ্যোগ।
এর আগে খুব অল্প সংখ্যক কর্মী নিয়ে টাইগার-থ্রি শুটিং করার চিন্তা করেছিলেন ছবিটির নায়ক সালমান খান।

