ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির অভিনীত সিনেমা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে। তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি তার মুক্তিপ্রাপ্ত এই বছরের শেষ সিনেমা, যা এখন বিনা মূল্যে দেখতে পারবেন দর্শকরা।
প্রায় ৮ মাস আগে মার্চ মাসে ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি মুক্তি পায়। আগামী ৩ ডিসেম্বর থেকে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টফি’তে দর্শকদের জন্য় উন্মুক্ত করা হয়েছে সিনেমাটি।
মুক্তিযুদ্ধের চেতনায় তৈরি হয়েছে সিনেমাটি। প্রযোজনায় রয়েছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। এর গল্পে বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মামুনুর রশীদ, আবুল হায়াত, শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসানসহ অনেকে। সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন পরীমনি।
এদিকে পরীমনির অভিনীত ‘মুখোশ’ সিনেমা মুক্তি পাবে ২০২১ সালের ২১ জানুয়ারি। এছাড়া ‘গুনিন’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পরীমনি শুটিংয়েও ব্যস্ত রেখেছেন নিজেকে। দ্রুতই রশীদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শুরু করবেন। ‘বায়োপিক’ সিনেমার শুটিংও শুরু হবে।
এছাড়া অরণ্য আনোয়ারের ‘মা’ ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি। সবমিলিয়ে সিনেমায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই নায়িকা।
নিজের নতুন ছবি প্রসঙ্গে পরীমনি বলেন, “সব সিনেমার গল্পই খুব আলাদা। আমার চরিত্রও চ্যালেঞ্জিং। আশা করছি খুব ভালো কিছু ছবি দর্শক উপহার পাবে।”



