গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের শাস্তি দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে বোর্ডবাজার, হোসেন মার্কেট, স্টেশন রোড, চেরাগ আলী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সন্ধ্যা ৬টার দিকে তারা অবরোধ তুলে নেন বলে জানা গেছে।
জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বিতর্কিত মন্তব্য করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।
গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) রাতেই অপর একটি ভিডিওবার্তায় মেয়র দাবি করেন, ফেসবুকে ভিডিও সুপার এডিট করে তাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে। তিনি ইতোমধ্যে তার আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। তিনি ওই ভিডিওটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, “অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”


































