বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রামে) উপনির্বাচনে একতারা হাতে গান বাজিয়ে পিকআপভ্যানে ভোটের মাঠ কাঁপাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। শনিবার (২১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে বগুড়া শহরের সাতমাথা, জলেশ্বরীতলাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাকে প্রচার-প্রচারণা চালাতে দেখা যায়।
এ সময় পিকআপভ্যানে তার সঙ্গে ৫ থেকে ৭ জন কর্মী-সমর্থক ছিলেন। তার পিকআপ ভ্যানেকেই বানানো হয়েছে সুসজ্জিত মিনি নির্বাচনী মঞ্চ। ভ্যানে রাখা হয়েছে মাইক ও দুই পাশে ঝুলছে হিরো আলমের ছবি ও ‘একতারা’ প্রতীকের ব্যানার। হিরো আলম নিজেই পিকআপভ্যানের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে।
প্রচারণার সময় হিরো আলম ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ চেয়ে পরিবারসহ সবাইকে একতারা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। এসময় হিরো আলমকে দেখতে পেয়ে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হিরো আলম এসময় সাংবাদিকদের বলেন, “আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে ভোট লড়াই করছি। অনেক সংগ্রাম ও লড়াই করে হাইকোর্ট থেকে রায় পেয়ে আমি ভোট করতে পারছি। ভোটারদের কাছে আমার একটাই অনুরোধ সবাইকে আপনারা সুযোগ দিয়েছেন, আমাকে শুধু মাত্র ১০ মাসের জন্য সুযোগ দিয়ে দেখুন। যদি কাজ করতে না পারি তাহলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েন।”
এই অভিনেতা আরও বলেন, “অনেক সুন্দর চেহারা ক্ষমতাবানকে ভোট দিয়েছেন, একবার আমার মতো পাগলকে ভোট দিয়ে দেখেন।”
স্বতন্ত্রপ্রার্থী বলেন, “এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে। আশা করি শান্তিপূর্ণভাবে ভোট হবে। তবে কেউ হামলা করার চেষ্টা করলে বা বাধা দিতে চাইলে এবার কোনো ছাড় দেওয়া হবে না।”



































