খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি কাউন্টার টেররিজম ও খুলনা সিআইডি।
সোমবার (২৩ আগস্ট) রাত ১১টায় সংবাদ সম্মেলন করে খুলনা মেট্রো অ্যান্ড জেলা সিআইডি এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নগরীর লবনচরা থানার মোহাম্মদনগর এলাকার নাসিম এবং একই এলাকার হাসান। নাসিম মহানগরীর বানিয়াখামারের নজরুল ইসলামের ছেলে ও হাসান শরিয়তপুরের সখিপুর থানার খাসগাজীপুরের খোকন মোল্লার ছেলে। দুইজনই খুলনার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামসহ মোটরসাইকেল, মোবাইল, জিহাদী বই উদ্ধার করা হয়।
সিআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর বিকেলে নাসিমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি এয়ারগান, এয়ারগানের গুলি ৬৩টি, গান পাউডার সদৃশ বস্তু ৩টি কৌটাসহ ২৮৩ গ্রাম, বিয়ারিং এর বল ৪০৫টি, বারুদ ৩০০ গ্রাম, ব্যাটারির গুড়াসহ নানা সামগ্রী জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সিআইডি।






































