আটক ভারতীয় প্রেমিকাকে উদ্ধারে থানায় প্রেমিক


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৯:৫৮ পিএম
আটক ভারতীয় প্রেমিকাকে উদ্ধারে থানায় প্রেমিক

প্রেমের টানে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে পঞ্চগড়ে প্রবেশ করায় খুসনামা (১৭) নামের এক ভারতীয় তরুণীকে আটক করেছে পুলিশ। প্রেমিকার আটকের খবর পেয়ে থানায় হাজির হয়েছেন প্রেমিক। ওই নারীকে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া। এর আগে দুপুরে উপজেলার সর্দার পাড়া গ্রামের এক বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ভারতীয় ওই তরুণীর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানা গ্রামে। সে ওই এলাকার ইসরাইল হোসেনের মেয়ে। এদিকে প্রেমিকার আটকের খবর পেয়ে তাকে উদ্ধার করতে থানায় উপস্থিত হয়েছেন প্রেমিক আব্দুল লতিব ওরফে রকিব (২১)। লতিফ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, খুসনামা প্রেমের টানে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভারতের মুড়িখাওয়া সীমান্ত হয়ে পঞ্চগড়ের তেতুঁলিয়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে ঢুকে উপজেলার সদর ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের হাসিনুর রহমান নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। তিনি ওই তরুণীকে তার বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার দুপুরে পুলিশ খবর পেয়ে তরুণীকে আটক করে থানায় নিয়ে আসে। প্রেমিকার আটকের খবর জেনে প্রেমিক লতিব তেঁতুলিয়া থানায় উপস্থিত হন।

ওসি আবু সায়েম মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সর্দার পাড়া গ্রামে এক বাড়িতে ভারতীয় তরুণী রয়েছে। অভিযান চালিয়ে তাকে আটক করি। থানায় নেওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দিলে বিকেলে তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠক করে। তাকে শুক্রবার সকাল ১০টায় ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই প্রেমিক যুগল থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।”

Link copied!