ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের!

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১২:৫১ পিএম

আশঙ্কাটা ছিলই, গত রাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির এক ঘোষণায় সেই মেঘ আরও ঘনীভূত হলো। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে ঠাঁই হয়নি নেইমারের।
বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার আগে এই দুটি ম্যাচই ছিল নেইমারের ফেরার সবচেয়ে বড় সুযোগ। কিন্তু ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি জানিয়ে দিলেন রূঢ় সত্যটা—নেইমার এখনো ‘শতভাগ’ ফিট নন। আর আনচেলত্তির অভিধানে ফিটনেসহীন কারও কোনো জায়গা নেই, সে নামটা যতই বড় হোক।

প্রস্তুতি ম্যাচের দলে জায়গা না পেলেও নেইমারের বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা অবশ্য পুরোপুরি উড়িয়ে দেননি আনচেলত্তি। তবে সে জন্য নেইমারকে পূর্ণ ফিট হয়েই দলে আসতে হবে। গতকাল রাতে দল ঘোষণার সময় আনচেলত্তি বলেছেন, ‘নেইমার শতভাগ ফিট থাকলে বিশ্বকাপে খেলতে পারে। তার শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। এখন এই তালিকায় কেন নেই? কারণ, সে এখনো পুরোপুরি ফিট নয়। চূড়ান্ত দল এক বিষয়, আর এই মুহূর্তের প্রীতি ম্যাচগুলো আরেক বিষয়। এখন আমার দরকার পুরোপুরি ফিট খেলোয়াড়। নেইমারকে নিয়মিত খেলতে হবে, কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং ভালো শারীরিক অবস্থায় নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে।’
২০২৩ সালের অক্টোবরে সেই যে হাঁটুতে চোট পেয়েছিলেন, তার পর থেকে হলুদ জার্সিটা আর গায়ে চড়ানো হয়নি নেইমারের। সান্তোসের হয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন বটে, গত সোমবার একটা গোলে সহায়তাও করেছেন; কিন্তু সেই পুরোনো তেজ কি ফিরেছে? নেইমার নিজে অবশ্য হাল ছাড়ছেন না।

সোমবারের ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই কাজ করছি। তবে সিদ্ধান্ত তো কোচিং স্টাফের। আমি দলে থাকি বা না থাকি, সেলেসাওদের সমর্থন দিয়ে যাব।’ প্রস্তুতি ম্যাচে জায়গা না হওয়ায় নেইমারের জন্য বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়াটা এখন আরও চ্যালেঞ্জিং হলো। মে মাসে দল ঘোষণার আগে সান্তোসের হয়ে খেলেই নিজের ফিটনেস ও ফর্মের প্রমাণ দিতে হবে তাঁকে।

নেইমার জায়গা না পেলেও ব্রাজিল দলে ডাক পেয়েছেন এনদ্রিক। অলিম্পিক লিওঁতে ধারে খেলতে গিয়ে সম্প্রতি ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ফিরেছেন স্বমহিমায়। পাশাপাশি প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগর থিয়াগো এবং বোর্নমাউথের ১৯ বছরের তরুণ রায়ান ভিতর।

বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে বোস্টনে ফ্রান্সের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে ব্রাজিল। আর ১ এপ্রিল সকাল ৬টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে অরল্যান্ডোতে। ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের মহারণে ব্রাজিল নামবে ১৩ জুন, মরক্কোর বিপক্ষে। গ্রুপ ‘সি’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন।

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাইস, ইবানিয়েজ, লিও পেরেইরা, মারকিনিওস, ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো বারবোসা, ফাবিনিও, গ্যাব্রিয়েল সারা।

ফরোয়ার্ড: এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রাফিনিয়া, রায়ান ভিতর, ভিনিসিয়ুস জুনিয়র।