উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০২:০৯ এএম

আনুষ্ঠানিকভাবে ঢাকা দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম। দক্ষিণের মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

 রবিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করেন।

সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ বা তফসিল নির্বাচন কমিশন থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে এনসিপি এরই মধ্যে তাদের দুই সিটির মেয়র প্রার্থীর নাম প্রকাশ করেছে।


নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি মিটিং করে দলটি। এখানে সার্বিক দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম। বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতিসহ মহানগরের রাজনীতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ওয়ার্ডভিত্তিক প্রতিরোধ, জুলাই শহীদ ও আহত পরিবারের পাশে থাকাসহ নাগরিক ইস্যুতে আন্দোলন গড়ে তোলার সার্বিক দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাশাপাশি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বাক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বাক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।