রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি পালন করেছে সংগঠন মঞ্চ-২৪।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে শুরু হওয়া এ কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দাবি পূরণ না হলে ‘জুলাই জনতা’র ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।
অনশনস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফাহিম ফারুকী বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে দ্রুত অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সরকারকে বৃহত্তর গণআন্দোলনের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, আমরা সরকারকে স্পষ্টভাবে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এ সময়ের মধ্যে সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ ও গ্রেফতার করতে হবে। তা-না হলে জুলাইয়ের সব সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ‘জুলাই জনতা’র ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চ কর্মসূচি ঘোষণা করবে। এর দায়ভার সরকারকেই নিতে হবে।
ফাহিম ফারুকী অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন ঘটনার সঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে আইনের মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, কোনোভাবেই রাষ্ট্রপতির জন্য ‘সেফ এক্সিট’ গ্রহণযোগ্য হবে না। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দায় নির্ধারণ করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
অনশনস্থলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফাহিম ফারুকী বলেন, কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন ধরনের হুমকি ও গালিগালাজের শিকার হচ্ছেন। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তারা রাতে সেখানে অবস্থান করবেন না। তবে সরকারের ঘোষিত সময়সীমার প্রতি সম্মান জানিয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করবেন বলে জানান তিনি।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল (শুক্রবার) পর্যন্ত অপেক্ষার কথা বলেছেন। আমরা সেই বক্তব্যকে গুরুত্ব দিয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করব। এর মধ্যে যদি রাষ্ট্রপতিকে অপসারণ ও বিচারের মুখোমুখি করার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ফাহিম ফারুকী বলেন, আমাদের এক দফা, এক দাবি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে দ্রুত অপসারণ ও গ্রেফতার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।