তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১০:৩৯ পিএম

পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে বাইরে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে। নিহত তরুণের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, "ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গেই ছিল। কয়েকজন মিলে ধাওয়া দিয়ে তাকে নিয়ে যায়।

“পরে নির্মাণাধীন ভবনের নিচে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।"

ওসি বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের ভাষ্য।

তিনি গণমাধ্যমকে বলেন, "ওই তরুণকে একটি নির্মাণাধীন ভবনের নিচে কোপানো হয়েছে।"

হত্যাকাণ্ডের পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত করার কথা বলছে পুলিশ।