ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার মাধ্যমে ইরানের জনগণকে তাদের শাসকদের উৎখাতের সুযোগ করে দেওয়া হচ্ছে। খবর আলজাজিরার।
মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, আজ সকালে আমরা আলি লারিজানিকে নির্মূল করেছি, যিনি রেভল্যুশনারি গার্ডের প্রধান। গোষ্ঠীটি আসলে ইরান চালায়। তিনি আরও দাবি করেন, ইসরায়েলের এই পদক্ষেপ ইরানের ভেতরে পরিবর্তনের পথ তৈরি করবে।
নেতানিয়াহু বলেন, ইরানের ধর্মীয় শাসকদের পতন একসঙ্গে বা সহজে হবে না। তবে ধারাবাহিক চাপ অব্যাহত থাকলে জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার সুযোগ পাবে।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এ ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।
এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির নিজস্ব ‘এক্স’ অ্যাকাউন্টে তার হাতে লেখা একটি চিরকুট প্রকাশ হয়েছে। অথচ এর আগেই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাকে হত্যা করা হয়েছে। অবশ্য তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো লারিজানির এই হাতে লেখা বার্তাটি প্রচার করেছে। চিরকুটটি মূলত সম্প্রতি শ্রীলঙ্কার কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করে লেখা। মঙ্গলবার (১৭ মার্চ) তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।