যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হবে না—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভয় পায় না।
ইরান–যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে গত শুক্রবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়।
ওই আলোচনা প্রসঙ্গে আরাগচি বলেন, ওয়াশিংটনের ওপর তেহরানের আস্থা খুবই সীমিত। নতুন করে শুরু হওয়া এই আলোচনায় যুক্তরাষ্ট্র সত্যিই কতটা আন্তরিক—তা নিয়েও সন্দেহ রয়েছে ইরানের। তিনি আরও বলেন, ‘আমাদের ওপর যদি যুদ্ধ চাপিয়েও দেওয়া হয়, তবু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার প্রশ্ন আসে না। আমরা কী করব বা করব না—সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। এই অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন করেও আমাদের ভয় দেখানো যাবে না।’
আরাগচি জানান, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরান। এর বিনিময়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের আস্থা তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত তেহরান। পশ্চিমাদের অভিযোগ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। তবে তেহরান বরাবরই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।